Ridge Bangla

চারঘাটে ভেজালবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ভেজালের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। একই সময় প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।

অভিযানে দেখা যায়, চারঘাটের রায়পুর এলাকার মেসার্স মায়ের দোয়া বেকারি বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক তৈরি ও বাজারজাত করছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও রাসায়নিক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়।

অন্যদিকে, পিরোজপুর এলাকার রাসেল গুড় ফ্যাক্টরিতে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং ব্যবহার করে ভেজাল গুড় তৈরির প্রমাণ মেলে। এ অপরাধে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রায় ৮০ কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজান। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

This post was viewed: 14

আরো পড়ুন