Ridge Bangla

চাকরি হারালেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট

৪৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) একই দিনে চাকরি হারিয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের সরাসরি অপসারণের নির্দেশ দেওয়া হয়।

চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অনুপ কুমার বিশ্বাস (বগুড়া), নবমিতা সরকার (পিরোজপুর) ও কাজী আরিফুর রহমান (ফরিদপুর)। তারা প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একই সঙ্গে বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে তাদের সরাসরি অপসারণ করা হয়েছে। এছাড়া চাকরির মেয়াদে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে তা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী আদায় করা হবে। প্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবারই ওই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে এবং একই দিনে তাদের চাকরিচ্যুতির আদেশ কার্যকর করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে বলা হয়নি, ঠিক কোন কারণে তাদের অপসারণ করা হলো।

উল্লেখিত বিধি অনুযায়ী, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে যদি কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন, তাহলে সরকার চাইলে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই সরাসরি নিয়োগের অবসান ঘটাতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি চাকরিচ্যুতি কার্যকর হয়।

This post was viewed: 32

আরো পড়ুন