চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়ির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ঘরবাড়িও কেঁপে ওঠে, সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। ঘটনাস্থলে থাকা লোকজনের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকেও এখন পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফাটাপাড়া গ্রামের কালাম নামে এক ব্যক্তির বাড়িতে বোমা তৈরির সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।