হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের চৌধুরীপাড়ায় চাঁদা না দেওয়ার কারণে স্থানীয় শামীম চৌধুরীর বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার অন্তত ৪০টি পরিবার চলাচলসহ নানা দিক থেকে চরম দুর্ভোগে পড়েছে।
অভিযুক্ত শামীম মিয়া আগেও অন্তত পাঁচবার রাস্তা বন্ধ করেছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর অধিকাংশ সদস্য স্থানীয় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত। রাস্তা বন্ধ থাকায় তাদের দৈনন্দিন যাতায়াতে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগী সেলিম মিয়া চৌধুরী বলেন, আমরা আদালতে ১৪৭ ধারায় মামলা করেছি। শামীম পুলিশকে ম্যানেজ করে রাস্তার ব্যারিকেড সরাচ্ছে না। সে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এ বিষয়ে থানায় অভিযোগও দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও গার্মেন্টসকর্মী সালমা বেগম বলেন, রাস্তায় ব্যারিকেড দেওয়ায় আমরা খুব অসুবিধার মধ্যে আছি। কাজে যাতায়াত করাই কষ্টকর হয়ে পড়েছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শামীম মিয়া চৌধুরী দাবি করেন, এটি আমার মালিকানাধীন জায়গা। কোণা দিয়ে যাওয়ার জন্য একটু রাস্তা রেখেছি। বড় কোনো সমস্যা হচ্ছে না।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য খসরু মিয়া বলেন, ওই ব্যক্তি আমাদের সালিশ মানছেন না। অন্যায়ভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, পথ বা রাস্তা বন্ধ করার কোনো নিয়ম নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।