মেহেরপুরের গাংনী উপজেলার সহগলপুর গ্রামে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়ির সামনে থেকে দুটি ককটেল ও চাঁদা দাবিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ওই চিরকুটে দেড় লাখ টাকা না দিলে প্রাণনাশ ও সম্পত্তির ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে বাড়ির গেটের সামনে এসব সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে গাংনী থানার ধলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাল স্কচটেপে মোড়ানো দুটি ককটেল ও চিরকুটটি উদ্ধার করেন। নিরাপত্তার স্বার্থে ককটেল দুটি পানি ও বালুভর্তি পাত্রে করে থানায় নিয়ে যাওয়া হয়।
চিরকুটে উল্লেখ ছিল, “শ্রদ্ধেয় মামা, সালাম নিবেন। আশা করি ভালোই আছেন। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে, অনেক টাকা খরচ তাই না। এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন না, তাই আমরা স্পেশাল মিষ্টি পাঠালাম। আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নম্বরে এক লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দেবেন। টাকা না দিলে ছেলে ও বিল্ডিং দুটোই হারাবেন।”
স্থানীয় সূত্র জানায়, সহগলপুর গ্রামের মিঠুন হোসেন সিঙ্গাপুরে কর্মরত। তিনি সম্প্রতি নিজ গ্রামে একটি বাড়ি নির্মাণ শুরু করেন। নির্মাণকাজ চলাকালেই এই চাঁদা দাবির ঘটনা ঘটল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।