Ridge Bangla

চাঁদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে, ২৫ জন যাত্রী আহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব–গৌরীপুর সড়কের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০–৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় জৈনপুর পরিবহনের একটি বাস। নাগদা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই বাসটি সড়কের পাশের খালে উল্টে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে পানিতে পড়ে যান।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মো. রাব্বি (২৫), রুবি (৪৯), ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মোস্তফা (৬৫), চান্দ্রা বাজার এলাকার ইয়াসমিন (২৪) সহ আরও অনেকে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাসের একাধিক যাত্রী জানান, “হঠাৎ করেই বাসটি উল্টে খালে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই দেখি সবাই পানির মধ্যে। আল্লাহ আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন।”

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রতন কুমার দাস জানান, পাঁচজন আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 10

আরো পড়ুন