Ridge Bangla

চলমান দুর্ভিক্ষ নিয়ে রাফালোর আহ্বান, ‘গাজাকে অনাহারে থাকতে দিয়েন না’

আমেরিকান জনপ্রিয় অভিনেতা ও মার্ভেল চলচ্চিত্রে হাল্ক চরিত্রে খ্যাত মার্ক রাফালো গাজায় চলমান দুর্ভিক্ষ ও ইসরায়েলের সামরিক অভিযানকে তীব্র সমালোচনা করেছেন। তিনি এই পরিস্থিতিকে আখ্যা দিয়েছেন ‘মানবসৃষ্ট বিপর্যয়’ এবং ‘নাগরিক হত্যার অপরাধমূলক কর্মসূচি’ হিসেবে।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওবার্তায় রাফালো বলেন, “এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো খরা নয়। বরং ইসরায়েল ও আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ হত্যা করছে।” তিনি বিশ্বনেতাদের উদ্দেশে আহ্বান জানান—“গাজাকে অনাহারে থাকতে দিয়েন না। কথা বলুন। যতক্ষণ না ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ থামবেন না। অবশ্যই বন্দিদের মুক্ত করতে হবে, শিশু হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।”

‘অ্যাভেঞ্জার্স’সহ একাধিক অস্কারমনোনীত ছবির এই অভিনেতা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, “আপনারা বলেন ক্ষুধার্ত মানুষের প্রতি দয়া আছে, যুদ্ধ বন্ধ করতে চান। তাহলে কিছু করেন। জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপ আপনারা কী করবেন? আমরা কি শুধু বসে থেকে এই হত্যাযজ্ঞ দেখব? এটি ভয়াবহ ও হৃদয়বিদারক।”

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৬২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর খাদ্যঘাটতির কারণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।

This post was viewed: 52

আরো পড়ুন