চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে আহমদ হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনার পর নিহতের ছেলে রিয়াদ হোসেন (২২) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বাবা-ছেলের মধ্যে পারিবারিক বিষয়ে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রিয়াদ ধারালো ছুরি দিয়ে বাবার গলায় আঘাত করেন।
চিৎকার শুনে পরিবার আহমদ হোসেনকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক সাদত ইসলাম জানান, নিহতের গলার ডান পাশে ধারালো অস্ত্রের গভীর জখম ছিল এবং হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর রিয়াদ পালানোর চেষ্টা করলে পুলিশ বাঁশখালী এলাকা থেকে ভোরে তাকে গ্রেপ্তার করে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।