Ridge Bangla

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, পুলিশের সর্বোচ্চ সতর্কতা

চট্টগ্রামে নাশকতা ও অরাজকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাত থেকে নগরের গুরুত্বপূর্ণ এলাকায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রতিটি থানাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দিয়েছে।

শহরের বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, বিজিবি আগ্রাবাদ, পাঁচলাইশ, জিইসি, কোতোয়ালী, কাজিরডিউরি, চাঁদগাঁও ও বন্দর এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, “নগরজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। আমরা চাই কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।”

এদিকে বন্দর থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি রাহাত ইমরানকে গ্রেপ্তার করেছে। থানার অফিসার ইনচার্জ আফতাব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে সক্রিয় থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের সতর্কতার কারণে তিনি কোনো অরাজকতা সৃষ্টি করতে পারেননি এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাত ১০টার পর থেকে কোতোয়ালি, চাঁদগাঁও, বাকলিয়া ও হালিশহর এলাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি দেখা গেছে। কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোনামানিক কালবেলাও জানান, “আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনগুলো আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা সজাগ আছি। জনগণের রায় রাস্তায় প্রতিফলিত হবে।”

প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দল বা সংগঠন আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 30

আরো পড়ুন