ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য ঘটনা ঘটেছে। জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বিজয়ী হয়েছেন এমন তিন প্রার্থী, যাদের সবার বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে। ফলে ফলাফল ঘোষণার পর থেকেই গ্রামজুড়ে বইছে খুশির জোয়ার।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয় পাওয়া এই তিন প্রার্থী হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিজয়ী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা, যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। এছাড়া চট্টগ্রাম-১০ (ডবলমুরিং ও হালিশহর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাঈদ আল নোমান, যিনি প্রয়াত মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াছ নূরী অর্জন করেন ২৭ হাজার ১৪৬ ভোট। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান মঞ্জু পান ২২ হাজার ১১৮ ভোট।
অন্যদিকে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জয়ী হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পান ৩৯ হাজার ৪৮৫ ভোট।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং ও হালিশহর) আসনে বিজয়ী সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী পান ৭৪ হাজার ৪০৭ ভোট।
একই গ্রামের তিন বাসিন্দার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গহিরা গ্রাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয়দের মতে, এটি শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং পুরো গ্রামের জন্য এক গর্বের অর্জন।