কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা নুরুল হোসেন (৪৫) এবং তাঁর ছেলে শামীম হোসেন (১২)। জানা গেছে, তারা মোটরসাইকেলে করে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির জানান, মহাসড়কের নলবিলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাবা ও ছেলে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।