ঘানার সাবেক অর্থমন্ত্রী কেন ওফোরি-আত্তা দুর্নীতির অভিযোগে নিজ দেশে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে গেলেও শেষ পর্যন্ত রেহাই পাননি। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করেছে বলে তার আইনজীবীদের বরাতে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
৬৬ বছর বয়সী ওফোরি-আত্তা গত বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং সেখানে প্রোস্টেট ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিচ্ছিলেন। এ সময়েই ঘানার কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারিতে তাকে পলাতক ঘোষণা করে এবং নভেম্বরে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগ গঠন করে।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ বাড়ানোর আবেদন করলেও বুধবার গভীর রাতে তাকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করে, যা তার বিরুদ্ধে চলমান আইনি জটিলতাকে নতুন মোড় দিয়েছে।
ঘানার সাবেক অর্থমন্ত্রী কেন ওফোরি-আত্তাকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) মঙ্গলবার গ্রেপ্তার করেছে। তার যুক্তরাষ্ট্রে অবস্থানসংক্রান্ত আইনি প্রক্রিয়ার কারণে তাকে হেফাজতে নেওয়া হয়। এক বিবৃতিতে ওফোরি-আত্তার আইনজীবীরা জানান, তারা আইসিইর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দ্রুত বিষয়টির নিষ্পত্তি হবে বলে আশা করছেন। একই সঙ্গে বলা হয়েছে, ওফোরি-আত্তা অভিবাসন কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছেন।
আইসিইর অনলাইন তথ্য অনুযায়ী, তাকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি স্থাপনায় রাখা হয়েছে। উল্লেখ্য, ওফোরি-আত্তা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এবং এ সময় তিনি বিতর্কিত কর সংস্কার ও আইএমএফের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার নেতৃত্ব দেন।