ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যা দুই প্রান্তে যাত্রী ও যানবাহনের জন্য বিরাট দুর্ভোগ সৃষ্টি করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে কয়েকটি ফেরি নদী ও ঘাটে নোঙর করে অপেক্ষমাণ থাকছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৃষ্টিসীমা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
পাটুরিয়া প্রান্তে ঘাট নম্বর ৩–এ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ঘাট নম্বর ৫–এ বিএস ডা. গোলাম মাওলা ও বনলতা নামের ফেরি নোঙর করে রয়েছে। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে ঘাট নম্বর ৩–এ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ঢাকা, ঘাট নম্বর ৪–এ বাইগার এবং ঘাট নম্বর ৭–এ কেরামত আলী, শাহ মখদুম ও হাসনাহেনা ফেরি অপেক্ষমাণ রয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষ করে মাছ, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশা কেটে গেলে এবং দৃষ্টিসীমা নিরাপদ পর্যায়ে এলে পর্যায়ক্রমে ফেরি চলাচল শুরু করা হবে।