ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য জানান, নদ-নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়ায় নৌপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দেশের সব নৌরুটে লঞ্চ, কার্গো ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
চলমান লঞ্চগুলোকে যে যেখানে অবস্থান করছে, সেখানেই নদীর তীরে নোঙর করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় নৌ চলাচল স্বাভাবিক করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযানগুলোকে চলাচল না করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি সম্প্রতি বেড়েছে। এর আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন এবং কয়েকজন আহত হন। ওই ঘটনায় জাকির সম্রাট-৩ লঞ্চটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে দুর্ঘটনায় জড়িত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জব্দ এবং চারজন স্টাফকে আটক করা হয়।