Ridge Bangla

গ্রিসে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, মৃত দুজন

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন অন্তত ৪০ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। তীব্র শীত, ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পানি ভেবে ভুলবশত পেট্রোল পান করায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ মর্মান্তিক ঘটনায় দুই বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ এবং একই উপজেলার জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে একটি ছোট প্লাস্টিকের নৌকায় করে তারা গ্রিসের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে মাঝসমুদ্রে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকে পড়ে। সঙ্গে কোনো খাবার বা বিশুদ্ধ পানীয় না থাকায় টানা দুই দিন ক্ষুধা ও তৃষ্ণায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

একপর্যায়ে নৌকায় থাকা বোতলে সংরক্ষিত পেট্রোলকে পানি ভেবে পান করেন কয়েকজন। এতে অনেকেই অচেতন হয়ে পড়েন এবং দ্রুত তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। খবর পেয়ে গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে এথেন্সের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার ফলে অধিকাংশের পাকস্থলী ও শ্বাসযন্ত্রে মারাত্মক জটিলতা দেখা দিয়েছে। তীব্র পানিশূন্যতা, হাইপোথার্মিয়া ও শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসা জটিল হয়ে ওঠে। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, পেট্রোল পান করার কারণেই ওই দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বর্তমানে গুরুতর চারজনের অবস্থা উদ্বেগজনক ছিল, যার মধ্যে একজন কিডনি জটিলতায় ডায়ালাইসিসে রয়েছেন। অন্যদের শারীরিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল হওয়ায় কয়েক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসা শেষে গ্রিসের আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের মালাকাসা অভিবাসন ক্যাম্পে পাঠানো হবে।

This post was viewed: 26

আরো পড়ুন