গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা প্রয়োজন- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য ঘিরে বিশ্বজুড়ে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। এরই প্রতিবাদে ডেনমার্কের পক্ষে সমর্থন জানিয়েছে ইউরোপের ছয়টি দেশ। দেশগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেন। ডেনমার্কসহ ইউরোপের এই দেশগুলোর নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, “গ্রিনল্যান্ডের মালিক তার জনগণ। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়া অন্য কেউ তাদের পারস্পরিক সম্পর্ক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।”
গত রোববার (৪ জানুয়ারি) ট্রাম্প দাবি করেন, নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। এমনকি প্রয়োজনে বলপ্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি তিনি। এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায়, তবে তা ন্যাটোর অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে।
ন্যাটো একটি ট্রান্স-আটলান্টিক সামরিক জোট, যেখানে কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে অন্যরা পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে। গ্রিনল্যান্ড ইস্যুটি নতুন করে সামনে আসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর, যেখানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। ওই ঘটনার পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কিছু সময়ের জন্য ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং ১৮২৩ সালের মোনরো নীতির আদলে নিজ প্রভাববলয় জোরদার করবে, যা আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট উদ্বেগের জন্ম দিয়েছে।