গ্রিনল্যান্ড নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বীপটি দখলের দাবি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের প্রতিবাদে ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে জুলাই মাসে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করেছে। বুধবার যখন ফ্রান্সের স্ট্রাসবুর্গ থেকে এই ঘোষণা আসে, ঠিক সেই সময়ই ট্রাম্প দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দিচ্ছিলেন।
এই সিদ্ধান্তকে ইউরোপ–যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন উত্তেজনার সূচনা হিসেবে দেখা হচ্ছে। গ্রিনল্যান্ড অধিগ্রহণে ইউরোপীয় দেশগুলোর বিরোধিতার জবাবে ট্রাম্প একাধিক দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদিও তিনি সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন, তবুও চলমান অচলাবস্থা আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আবারও বাণিজ্য যুদ্ধের আশঙ্কা উসকে দিচ্ছে এবং ইউরোপের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।