ভারতের পর্যটন শহর গোয়ার আরপোরা গ্রামের একটি জনপ্রিয় নাইটক্লাবে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও দেশটির গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
ঘটনা রাত ১২টার দিকে ঘটে। অগ্নিকাণ্ডে নাইটক্লাবের রান্নাঘরের কর্মী ও কয়েকজন পর্যটক মারা যান। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এটি গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক এবং অন্তত তিনজন নারী রয়েছেন। কিছু মানুষ দগ্ধ হয়ে মারা গেছে, বাকি বেশিরভাগ শ্বাসরোধে প্রাণ হারিয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সব মরদেহ উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত স্ট্রেচারে তুলছেন এবং ভবন থেকে ঘন ধোঁয়া উঠছে।