Ridge Bangla

গোপালগঞ্জে বিএনপির রেকর্ড জয়, শেষ হলো আওয়ামী লীগের দীর্ঘ আধিপত্য

সাড়ে পাঁচ দশক ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগের একক আধিপত্যের অবসান ঘটেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। জেলার তিনটি গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে এই আসনগুলোতে বরাবরই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা বিজয়ী হতেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি বদলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবারের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারেনি। নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট, জাতীয় পার্টি, গণফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই তিন আসনে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এর আগে ষষ্ঠ থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত এই আসনে টানা ছয়বার নির্বাচিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ফারুক খান।

গোপালগঞ্জ-২ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. কেএম বাবর আলী ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে আগে টানা ৯ বার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শেখ ফজলুল করিম সেলিম।

গোপালগঞ্জ-৩ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা সাতবার নির্বাচিত হয়েছেন। ভোটাররা নির্বাচনের পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

This post was viewed: 3

আরো পড়ুন