Ridge Bangla

গানম্যান চান হিরো আলম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও রাজনৈতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকে নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন। নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন ‘গানম্যান’ বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী মোতায়েনের জন্য আবেদন করতে যাচ্ছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার খবর প্রকাশের পর থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেকে চরমভাবে ঝুঁকির মধ্যে মনে করছেন। এ অবস্থায় জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সরাসরি প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত আবেদন জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

গত মাসে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেও তিনি কোন আসন থেকে বা কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও চূড়ান্ত নয়। হিরো আলম বলেন, “আমি এর আগে কয়েকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এবারও স্বতন্ত্র হিসেবে লড়াই করার ইচ্ছা রয়েছে। তবে গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি- এই চারটি দল আমাকে তাদের প্রতীকে নির্বাচনে অবতীর্ণ হওয়ার প্রস্তাব দিয়েছে। বিষয়টি আমি গভীরভাবে বিবেচনা করছি। সময় হলে সবকিছু জনসমক্ষে জানানো হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, এবার তিনি ঢাকা ও বগুড়া- এই দুটি আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় বা স্বতন্ত্র যে পর্যায়েই প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন, জনগণের সেবা ও তাদের সমস্যার সমাধান করাই তার মূল লক্ষ্য। সাহসী ও সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে হিরো আলম এবারের নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রতীকে অংশ নিলে তা তার রাজনৈতিক জীবনেই নতুন এক অধ্যায়ের সূচনা করবে।

This post was viewed: 15

আরো পড়ুন