Ridge Bangla

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা, গ্রেপ্তার ৭ জন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে এক প্রেস ব্রিফিংয়ে উপকমিশনার রবিউল হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তার চারজনের স্বীকারোক্তির ভিত্তিতে গভীর রাতে গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া থেকে শাহজালাল, চান্দনা মাহবুব স্কুল মোড় থেকে ফয়সাল এবং সুমনকে গ্রেপ্তার করা হয়।

উপকমিশনার রবিউল হাসান জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রীকে ভবানীপুর থেকে, আলামিনকে উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে ভবানীপুর এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ একাধিক অপরাধমূলক মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। হত্যারহস্য উদঘাটনে শনিবার আদালতে তাদের রিমান্ড আবেদন করা হবে। অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে তুহিনকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

This post was viewed: 45

আরো পড়ুন