Ridge Bangla

গাইবান্ধায় জামায়াত প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জামায়াতের প্রার্থীসহ মোট আটজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন। এতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনের মোট ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র পর্যালোচনা করা হয়। যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-১ আসনে পাঁচজন এবং গাইবান্ধা-২ আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এর ফলে দুই আসন মিলিয়ে আটজন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটারের তথ্য সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়নপত্র সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।

অন্যদিকে গাইবান্ধা-২ (সদর) আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন দলের মনোনয়নপত্রে ত্রুটির কারণে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিশের প্রার্থী একেএম গোলাম আযম।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের বিধি ও আইন অনুযায়ী মনোনয়নপত্র যাচাই করা হয়েছে এবং যেসব প্রার্থীর কাগজপত্রে ত্রুটি পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন