গরু চোর সন্দেহে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় শুক্রবার (৬ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে এক ব্যক্তি একটি গরু নিয়ে নদীর তীরে গেলে সেখানে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে কাজ করা শ্রমিকদের সন্দেহ হয়। তারা তাকে আটক করে গরু চুরির অভিযোগ তোলে। পরে খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে ওই ব্যক্তিকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম রমিজ উদ্দিন (৪০)। তিনি উপজেলার চর আলগী গ্রামের বাসিন্দা হজরত আলী মুন্সির ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। উদ্ধার করা গরুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।