Ridge Bangla

‘গরুচোর’ সন্দেহে মানসিক রোগীকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গরু চুরির সন্দেহে আবদুস সালাম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (১ নভেম্বর) ভোররাতে বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালাম রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে তিনি পাশের নবাবগঞ্জ গ্রামের একটি গোয়ালঘরে ঢোকেন। বাড়ির মালিকের স্ত্রী দুলালী বেগম বিষয়টি বুঝতে পেরে লোকজন ডাকেন।

পরে আশপাশের লোকজন এসে সালামকে রশি দিয়ে বেঁধে মারধর করেন। রাতভর নির্যাতনের পর ভোররাতে তাকে পুকুরের তীরে বেঁধে রাখেন। এরপর সেখান থেকে এনে আবার নির্যাতন করা শুরু করলে সালামের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর দুলালী বেগম (৪৩) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি ওই গোয়ালঘরের মালিক আবদুল গণি মিয়ার স্ত্রী। সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ বলেন, ঘটনার তদন্ত চলছে। দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহত সালামের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দিনমজুরের কাজ করতেন। তাঁর বিরুদ্ধে কখনো চুরির অভিযোগ ছিল না। পরিবারের দাবি, নির্যাতন করেই সালামকে হত্যা করা হয়েছে।

This post was viewed: 30

আরো পড়ুন