Ridge Bangla

গবেষণা উপপ্রকল্প বাস্তবায়নে ১২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি স্বাক্ষর

একাডেমিক প্রতিষ্ঠান ও শিল্পখাতের অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবনী পণ্য উন্নয়ন, আন্তঃবিষয়ক গবেষণা ও উন্নয়ন (Interdisciplinary R&D), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE & IT) ও তথ্যপ্রযুক্তি বিষয়ে অত্যাধুনিক গবেষণা পরিচালনা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইটি-ভিত্তিক সমাধান উন্নয়নের লক্ষ্যে ২০টি গবেষণা উপপ্রকল্প বাস্তবায়নে ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩৮.২১ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের ‘গবেষণা ও উন্নয়ন অনুদান (Research and Development Grant)’ উপখাত থেকে এই অর্থায়ন করা হচ্ছে।

এ উপলক্ষে ইউজিসি কার্যালয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ইউজিসি সচিব, অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য এবং সংশ্লিষ্ট উপপ্রকল্পের প্রধান গবেষকগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানসহ আরও অনেকে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ তাঁর বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতে এই গবেষণা সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। তিনি অনুদানপ্রাপ্ত গবেষকদের উদ্দেশে বলেন, আইসিএসইটিইপি একটি প্রাতিষ্ঠানিক প্রকল্প হওয়ায় বরাদ্দকৃত অর্থের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং সমাজের বাস্তব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, দেশের আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধিতে ইউজিসির এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তি শিক্ষার বিকাশে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণা, উদ্ভাবন ও শিল্পখাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে এগিয়ে আসার জন্য এশীয় উন্নয়ন ব্যাংককে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, গবেষণা ও উন্নয়ন অনুদান উপপ্রকল্পসমূহ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে এবং প্রকল্পগুলোর সামাজিক প্রভাব বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গবেষণা ও উন্নয়ন অনুদান উপপ্রকল্প প্রদানের লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিকট থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়। এতে মোট ১৬২টি উপপ্রকল্প প্রস্তাব জমা পড়ে। যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে ৯টি সরকারি ও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২০টি উপপ্রকল্প চূড়ান্ত করা হয়।

অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়সমূহ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

অনুদান বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সর্বোচ্চ ৫টি উপপ্রকল্প, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩টি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি ২টি করে এবং অবশিষ্ট ৮টি বিশ্ববিদ্যালয় ১টি করে উপপ্রকল্প বাস্তবায়নের জন্য অনুদান পেয়েছে।

৫ বছর মেয়াদি আইসিএসইটিইপি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৩০০ কোটি টাকা, যার মধ্যে ৮৭.৭২ শতাংশ অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং অবশিষ্ট ১২.২৮ শতাংশ বহন করছে বাংলাদেশ সরকার।

This post was viewed: 9

আরো পড়ুন