Ridge Bangla

গণহত্যা দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দেশের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এই শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দিনটির তাৎপর্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত ও নৃশংসতম দিন। এদিন পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র ও স্বাধীনতাকামী বাঙালির ওপর বর্বর হত্যাযজ্ঞ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।

তিনি উল্লেখ করেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, যা বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। একই সঙ্গে তিনি বলেন, সেই রাতেই চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে, যা পরবর্তীতে দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার প্রকৃত মূল্য ও তাৎপর্য অনুধাবন করতে হলে নতুন প্রজন্মকে গণহত্যা দিবস সম্পর্কে জানতে হবে। তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

This post was viewed: 2

আরো পড়ুন