Ridge Bangla

গণভোট ও নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন: রিজওয়ানা হাসান

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো এবং ভোটাররা নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বলেন, ভোটাররা যখন প্রস্তুত, তারপরও কেউ কানে কানে প্রশ্ন করে, “নির্বাচন কি হবে?” তাহলে বুঝতে হবে, এটি গত ১৬ বছরের নেতিবাচক প্রভাবের প্রতিফলন।

বুধবার ফরিদপুরের অম্বিকা অডিটোরিয়াম প্রাঙ্গণে ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, এই পর্যন্ত যেসব জেলায় গেছেন, সেসব জেলায় মানুষের মধ্যে ভোটে অংশগ্রহণের ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছেন। তার একটি বড় কারণ সরকার নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি কারণ হলো রাজনৈতিক দলগুলো ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, “আজ আমরা এমন সময়ে দাঁড়িয়ে আছি, যখন ভবিষ্যতের বাংলাদেশকে বিগত ৫৪ বছরের সাথে সংযোগ স্থাপন করতে হবে এবং সেই সংযোগ করতে হবে দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করে। ঐক্য, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।”

তিনি ভোটকে কেবল অধিকার নয়, দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেশীয় পদ্ধতিতে পরিবর্তন আনা সম্ভব। সংবিধানে কিছু পরিবর্তন আনতে হবে, যাতে ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ কথাটি বাস্তবায়িত হয়।

This post was viewed: 19

আরো পড়ুন