Ridge Bangla

গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির ৪৯ নেতার পদত্যাগ

গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. আল আমিন সরদারসহ ৪৯ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। রোববার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে তারা দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের নীতি, ত্যাগ ও যোগ্যতাকে উপেক্ষা করা হয়েছে। বিভাগীয় উপকমিটি স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও ব্যক্তিকেন্দ্রিকতার মাধ্যমে কমিটি গঠন করেছে, যা গণঅধিকার পরিষদের মূল আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

সোমবার (২৭ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সদ্য পদত্যাগ করা জেলা সভাপতি মো. আল আমিন সরদার। তিনি জানান, ৬৩ সদস্যবিশিষ্ট নবঘোষিত কমিটির মধ্যে ৪৯ জন সদস্য পদত্যাগ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি ঘোষণার পর থেকেই জেলার তৃণমূল পর্যায়ে তীব্র অসন্তোষ দেখা দেয়। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকে বঞ্চিত করে, দলের বাইরে থেকে আসা কয়েকজন সাবেক যুবলীগ ও এনসিপি নেতাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের কর্মীরা নিজেদের অবমূল্যায়িত মনে করেছেন।

আল আমিন সরদার বলেন, “আমরা সবসময় দলের প্রতি অনুগত ছিলাম। কিন্তু যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা দুঃখের সঙ্গে পদত্যাগ করছি। তবে আমরা এখনো গণঅধিকার পরিষদের মূল আদর্শ ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।”

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা শাখার ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।

This post was viewed: 40

আরো পড়ুন