Ridge Bangla

গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল ৬৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনাব সঞ্জয় কুমার দে।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চারু ও কারুশিল্পীদের দীর্ঘদিনের সাংগঠনিক প্রয়াসের ধারাবাহিকতায় এ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনার আলোকে শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটানো এবং চারু ও কারুশিল্পকে একটি সক্রিয় সাংগঠনিক শক্তিতে রূপান্তর করা। সেই সাথে পিছিয়ে পড়া সৃজনশীল জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রাম জারি রাখার দিকেও গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশী জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার এর দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল গঠন করা হয়েছে।

সংগঠনের সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এবং সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনাব সঞ্জয় কুমার দে, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শিল্পী ড. মোঃ মফিদুল আলম খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পী মিজানুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক শিল্পী কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন, সহ-সভাপতি শিল্পী মোঃ রকিবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পী অপু চৌধুরী, প্রচার সম্পাদক শিল্পী খোরশেদ আলম এবং দপ্তর সম্পাদক শিল্পী নাহিন মাহমুদ।

(বাঁ থেকে) অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল) এবং সঞ্জয় কুমার দে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল)

সংগঠনে দেশের প্রথিতযশা চারুশিল্পীর পাশাপাশি ঐতিহ্যবাহী কারুশিল্প, যথা- রিকশাচিত্র, নকশীকাথা, শীতলপাটি, দারুশিল্প, মৃৎশিল্প, জামদানী শিল্প সহ বিভিন্ন ধরনের কারুশিল্পীদের প্রতিনিধিত্ব রয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ এবং জ্যেষ্ঠ-উপদেষ্ট৷ আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

উপদেষ্টা হিসেবে আরো রয়েছেন শিল্পী দেবাশীষ পাল, সহযোগী অধ্যাপক, মৃৎশিল্প বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; শিল্পী সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, উপ-পরিচালক, নাট্যকলা বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী; শিল্পী মোঃ আব্দুল আযীয, সহযোগী অধ্যাপক, প্রাচ্যকলা বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিল্পী মুকুল কুমার বাড়ৈ, সহযোগী অধ্যাপক, ভাস্কর্য বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ধারাকে শিল্প-সংস্কৃতির অঙ্গনে প্রতিষ্ঠিত করাই। সংগঠনটি দেশের সকল অঞ্চলের সকল শিল্পীকে জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের বাংলাদেশ গঠনের সংগ্রামে শামিল হবার আহ্বান জানিয়েছে।

This post was viewed: 273

আরো পড়ুন