ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জনসম্মুখে প্রস্রাব করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা করা হয়েছে। সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এই ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানা গেছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) হরিণাকুণ্ডুর পার্বতীপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারে পার্বতীপুর বাজারে হাট বসে। বিকেলে হাট চলাকালীন সময়েই রাস্তার পাশে খোলা স্থানে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন আলাউদ্দিন নামের ওই ব্যক্তি। ওই একই সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে বিষয়টি হরিণাকুণ্ডুর সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার দৃষ্টিগোচর হয়।
তাৎক্ষণিকভাবে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারার অপরাধে তাকে ১০০ টাকা আর্থিক জরিমানা করেন। এরপর ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে তাকে প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পাবলিক প্লেস বা উন্মুক্ত স্থানে এভাবে বর্জ্য ত্যাগ করা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, তেমনি এটি সামাজিক শিষ্টাচার বহির্ভূত। সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে এই জরিমানা করা হয়েছে।