Ridge Bangla

খুলনায় তারেক রহমানের সমাবেশে জনসমুদ্র

দীর্ঘ ২২ বছর পর খুলনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে নগরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা ও উৎসবের আবহ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে যোগ দিতে ভোর থেকেই দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের হাতে দেখা গেছে ধানের শীষের প্রতীক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং জাতীয় পতাকা। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় পৌঁছান তারেক রহমান। এরপর দুপুর ১২টায় তিনি প্রভাতী স্কুলমাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, সমাবেশ শেষে দুপুর ১টায় তিনি হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন। সেখানে নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, খুলনার এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা ও যশোরসহ আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ সমাবেশে অংশ নেবেন। খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, তারেক রহমানের উপস্থিতি খুলনা অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুনভাবে উজ্জীবিত করবে। আয়োজকদের দাবি, প্রায় পাঁচ লাখ মানুষের উপস্থিতিতে এই সমাবেশ দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ নির্বাচনী জনসমাবেশে পরিণত হয়েছে।

This post was viewed: 11

আরো পড়ুন