Ridge Bangla

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তাকে মাথায় লক্ষ্য করে গুলি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মোতালেব শিকদার নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হলে উপস্থিত লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে মাথার সিটি স্ক্যানের জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।

ঘটনার পর দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এর আগে চলতি মাসের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

This post was viewed: 28

আরো পড়ুন