বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। তার মতে, দেশ ও জনগণের স্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থানের কারণেই খালেদা জিয়া আজও দেশের মানুষের কাছে অনন্য নেতৃত্বের প্রতীক।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম।
রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ আমদানির যে প্রকল্প, তা একসময় ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। অথচ ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্পই বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে, যা দেশের স্বার্থের পরিপন্থী। তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে দিয়ে কখনোই এ ধরনের দেশবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন করানো সম্ভব ছিল না।
এ কারণেই তাকে রাজনৈতিকভাবে বন্দি করা হয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিদ্যমান কয়লা ও গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করার জন্য দেশি-বিদেশি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা রুখতে শক্তিশালী জাতীয়তাবাদী নেতৃত্ব অপরিহার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, প্রধান উপদেষ্টা আতিকুর রহমান এবং দৈনিক করোতোয়ার সম্পাদক হেলালুজ্জামান লালু।