Ridge Bangla

খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এরই মধ্যে যুক্তরাজ্যের চার সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। ড. রিচার্ড বিলের নেতৃত্বে দলটি দুপুরে এভারকেয়ারে পৌঁছে সরাসরি সিসিইউতে যান এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরে স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে দীর্ঘ বৈঠকে রোগীর বর্তমান জটিলতা, অর্গান সাপোর্ট, ঝুঁকির মাত্রা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা।

হাসপাতাল সূত্র জানায়, বিশেষজ্ঞ টিমটি প্রথম দিনে রোগীর সর্বশেষ টেস্ট রিপোর্ট, ব্যবহৃত সাপোর্ট সিস্টেম, ক্লিনিক্যাল নোট এবং চিকিৎসার অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। প্রথম দিনের মূল্যায়নে তারা নিশ্চিত করেছেন অবস্থা সংকটজনক হলেও খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা এবং শ্বাসপ্রশ্বাসজনিত নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়। ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও বিদেশে চিকিৎসার অনুমতি পাননি। গত ৮ আগস্ট সরকারের পতনের পর তিনি মুক্ত হন। চলতি বছরের ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে চার মাস পর দেশে ফেরেন তিনি।

This post was viewed: 42

আরো পড়ুন