Ridge Bangla

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিশ্বকাপ-ইস্যুতে রাতেই বসছে বিসিবি

বাংলাদেশের সামনে মাত্র ২৪ ঘণ্টার সময় আছে বিশ্বকাপে ভারতে খেলবে কি না সে সিদ্ধান্ত জানাতে। বিসিবি শুরু থেকেই সরকারের নির্দেশনা মেনে চলছে এবং বোর্ড সভা শেষে আইসিসি জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করে আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকেরা আজ রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসবেন। সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই আইসিসিকে জানানো হবে। ক্রীড়া উপদেষ্টা আগেই স্পষ্ট করেছেন যে বাংলাদেশ দলকে ভারতে বিশ্বকাপ খেলতে পাঠানো হবে না। এখন দেখার বিষয়, সরকার এই অবস্থান থেকে সরে আসে কি না।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনেক চেষ্টাই করেছিলেন ক্রিকেট কূটনীতিতে জেতার। গত কয়েক দিন তিনি নিয়মিত যোগাযোগ করেছেন বিভিন্ন ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে। সব চেষ্টা বৃথা, বাংলাদেশ বেশির ভাগেরই সমর্থন পায়নি। পারেনি এই লড়াইয়ে জিততে।

আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশ-ইস্যুর নিষ্পত্তি হয়েছে, যেখানে বাংলাদেশ ১২–২ ভোটের ব্যবধানে পরাজিত হয়। বাংলাদেশ কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থন পেয়েছে। ভোটের পর আইসিসি জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই হবে। বিসিবির ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর দাবির প্রেক্ষিতে ভিডিও কনফারেন্সে বোর্ড সভা হলেও, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন সম্ভব নয় বলে আইসিসি সিদ্ধান্ত বহাল রাখে।

This post was viewed: 14

আরো পড়ুন