Ridge Bangla

কেরানীগঞ্জে শিক্ষিকার ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন রোকেয়া রহমান (৩২) ও তাঁর ১৪ বছর বয়সী মেয়ে ফাতেমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের বাসাটি ফাতেমার এক শিক্ষিকার ভাড়া নেওয়া। প্রায় তিন সপ্তাহ আগে মা ও মেয়েকে হত্যার পর লাশ ঘরের ভেতর রেখেই অভিযুক্ত ব্যক্তিরা সেখানে স্বাভাবিকভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লেও বাসার লোকজন বিষয়টি এড়িয়ে যেতে ইঁদুর মারা যাওয়ার কথা বলে আসছিলেন।

প্রতিবেশী অলি আহমদ জানান, দুর্গন্ধ তীব্র হলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ বাড়ে। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে বাসাটিতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে একটি লাশ খাটের নিচ থেকে এবং অপরটি বাথরুমের ছাদের ওপর থেকে উদ্ধার করা হয়। লাশ দুটি তখন অর্ধগলিত অবস্থায় ছিল।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, মা ও মেয়ে নিখোঁজ হওয়ার পর রোকেয়া রহমানের স্বামী শাহীন কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

This post was viewed: 21

আরো পড়ুন