ইমরান খান প্রায় এক দশক পর বলিউডে ফিরেছেন। ২০১৫ সালের ‘কাট্টি বাট্টি’র পর অভিনয় থেকে দূরে থাকলেও এবার ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে ক্যামিও চরিত্রে তার প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
অভিনেতা ইমরান খান যখন বলিউড ছাড়েন, তখন তাঁর ক্যারিয়ার মোটামুটি স্থিতিশীল অবস্থায়ই ছিল। তাই হিন্দি সিনেমায় তাঁর ফেরার খবরে আবারও সেই পুরোনো প্রশ্নই সামনে আসছে- এত ভালো অবস্থায় থেকেও তিনি কেন বলিউড থেকে সরে গিয়েছিলেন।
ইমরান এক সাক্ষাৎকারে জানান, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অতিরিক্ত অর্থকেন্দ্রিক মানসিকতা তাকে ধীরে ধীরে অস্বস্তিতে ফেলেছিল। সৃজনশীলতার বদলে পারিশ্রমিক, বক্স অফিস আয় ও ব্র্যান্ড ভ্যালুকেই সাফল্যের মানদণ্ড করা হচ্ছিল। শুরুতে তিনি এতে প্রভাবিত না হলেও সময়ের সঙ্গে নিজেও সংখ্যার বিচারে কাজ মূল্যায়ন করতে শুরু করেন, যা তাকে নিজের কাজ নিয়ে সন্দিহান করে তোলে।
ইমরান আরও জানান, অভিনয় ছাড়ার সিদ্ধান্তটি হঠাৎ নয়; বরং দীর্ঘদিন ধরে আবেগ ও সৃজনশীল তৃপ্তি হারানোর উপলব্ধি থেকেই তিনি সরে দাঁড়ান। ‘কাট্টি বাট্টি’র বাণিজ্যিক ব্যর্থতা এতে প্রভাব ফেললেও সেটি মূল কারণ ছিল না। সময়ের সঙ্গে অভিনয়ের সুযোগের পেছনে দৌড়ানোর আগ্রহ কমে যায়। তিনি আরও বলেন, অর্থ কখনোই তার প্রধান প্রেরণা ছিল না; ক্যারিয়ারের শুরুতে বেতন বৈষম্যের মুখোমুখি হলেও একসময় একটি সিনেমায় সর্বোচ্চ ১২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
ইমরান সবকিছু পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করেছেন। শুক্রবার, ১৬ জানুয়ারি তার অভিনীত নতুন সিনেমা ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা ও অভিনয় করেছেন বীর দাস। এতে আরও অভিনয় করেছেন মিথিলা পালকার ও শারিব হাশমি, আর বিশেষ ক্যামিও চরিত্রে রয়েছেন আমির খান।