Ridge Bangla

কৃষিজমি নিয়ে বিরোধে খুন, ১২ ঘণ্টার মধ্যেই প্রধান সন্দেহভাজন আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিসংক্রান্ত পুরোনো বিরোধের জেরে এক কৃষক নিহত হওয়ার পর র‍্যাব-৯ দ্রুত অভিযান চালিয়ে মূল সন্দেহভাজন মারুফ তালুকদারকে গ্রেপ্তার করেছে।

পৈলারকান্দি হাওরে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে কৃষক মাহফুজ মিয়ার সঙ্গে মারুফ, ইয়াহিয়া ও তাদের সহযোগীদের বিরোধ চলছিল। স্থানীয়দের মতে, ওই উত্তেজনার জেরেই হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ গত শনিবার গভীর রাতে বসন্তপুর পৈলারকান্দি সড়কের একটি কালভার্টের কাছে একা পেয়ে মাহফুজ মিয়ার ওপর তারা হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন।

স্থানীয়রা উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলেও রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রধান সন্দেহভাজন মারুফ তালুকদারকে আটক করে র‍্যাব-৯।

শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সাজ্জাদ হোসেন জানান, বাকি পলাতকদের ধরতে অভিযান চলছে।

This post was viewed: 36

আরো পড়ুন