Ridge Bangla

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের ইন্তেকালে ডা. শফিকুর রহমানের গভীর শোক

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে পাঠানো এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, “মহান রবের ডাকে সাড়া দিয়ে প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তিনি মরহুমকে একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।

শোকবার্তায় জামায়াত আমির বলেন, অধ্যাপক আবুল হাশেম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের কাজে নিয়োজিত ছিলেন। তার ত্যাগ, অবদান ও সাংগঠনিক নেতৃত্ব জামায়াতে ইসলামীর জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের সকল গুনাহ মাফ, নেক আমল কবুল এবং তাকে শহীদের মর্যাদা দানের জন্য দোয়া করেন।

একই সঙ্গে মরহুমের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। ডা. শফিকুর রহমান শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের এই শোক সইবার জন্য ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

উল্লেখ্য, সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে কুষ্টিয়া সদরে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আবুল হাশেম। সমাবেশটি কুষ্টিয়া সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজন করা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

This post was viewed: 18

আরো পড়ুন