কুষ্টিয়ায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এলএসডি পাঁচ বোতল (৫০ এমএল) এবং এক কেজি ফরচুন বাসমতি চাল উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ ৪৮০ টাকা।
এছাড়া রোববার (১৪ ডিসেম্বর) রাতে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৩৬ বোতল চকো সিরাপ জব্দ করা হয়, যার মূল্য ৫৪ হাজার ৪০০ টাকা। একই দিনে প্রাগপুর বিওপির আওতাধীন চুলকানী ঘাট এলাকা থেকে ১১০ কেজি পেঁয়াজের ফুল ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার সকালে কাজিপুর সীমান্ত এলাকা থেকে আট বোতল ভারতীয় মদ এবং চল্লিশপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা জব্দ করে বিজিবি। সব মিলিয়ে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে এবং অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।