Ridge Bangla

কুর্দিদের দিয়ে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানে সামরিক অভিযানে দ্রুত সাফল্য না পাওয়ায় নতুন কৌশল নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির পরিকল্পনা অনুযায়ী, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে স্থল অভিযান পরিচালনার চিন্তা করছে ওয়াশিংটন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইতিমধ্যে ইরানের বিদ্রোহী কুর্দি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য হামলা এবং সেই হামলার কৌশল নিয়ে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে এসব গোষ্ঠী।

ইরান–ইরাক সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে ইরানের কুর্দি বিদ্রোহী সংগঠনগুলো। তাদের হাজারো যোদ্ধা বর্তমানে সীমান্তের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে। এসব সংগঠনের প্রধান ঘাঁটি ইরাকের স্বশাসিত কুর্দিস্তান অঞ্চল। এখান থেকেই তারা ইরানবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, মার্কিন গোয়েন্দা সহায়তা পেলে এসব কুর্দি গোষ্ঠী ইরানের অভ্যন্তরে আরও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত। তাদের লক্ষ্য হবে ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করা এবং সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা কাঠামো ভেঙে দেওয়া। বিশ্লেষকদের মতে, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মাত্রা পেতে পারে। কারণ, ইরানের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে অভিযান চালানো হলে তা সরাসরি একটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

This post was viewed: 12

আরো পড়ুন