Ridge Bangla

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীত আরও বাড়ার আভাস রয়েছে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীত ও কুয়াশার প্রকোপ আরও জোরালো হচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৭ ডিগ্রিতে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় দুর্বল হলেও সামগ্রিকভাবে শীতের তীব্রতা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

This post was viewed: 19

আরো পড়ুন