Ridge Bangla

কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের

রাজধানী ঢাকায় আজও শীত ও কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। সকাল পেরিয়ে বেলা বাড়লেও আকাশে সূর্যের দেখা মেলেনি। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে নগরীর বিভিন্ন এলাকা, ফলে অনেক স্থানে দৃষ্টিসীমা কমে গিয়ে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার মধ্যেই ঢাকাসহ আশপাশের অঞ্চলে কুয়াশার প্রভাব আজও বজায় থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও কুয়াশার কারণে শীতের অনুভূতি পুরোপুরি কমবে না।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

This post was viewed: 22

আরো পড়ুন