শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এক অভিযান চালিয়ে তাকে আটক করলেও আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে, বিথি তার কারাবন্দী বাবার সঙ্গে দেখা করতে কুমিল্লায় এসেছিলেন। তবে তিনি তার বাবা সুব্রত বাইনের পরিচালিত ‘সেভেন স্টার গ্রুপ’ এর পলাতক সহযোগী এবং অপরাধচক্রের আর্থিক লেনদেন ও নেটওয়ার্ক সচল রাখার কাজে তিনি যুক্ত কিনা সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
উল্লেখ্য, একাধিক হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গত ২৭ মে ভোরে সেনাবাহিনীর এক অভিযানে কুষ্টিয়া থেকে তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে সহ গ্রেফতার করা হয়।
এরপর সম্প্রতি ৫ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।