Ridge Bangla

কুড়িগ্রামে ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে রেল যোগাযোগ সাময়িক বন্ধ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রেনের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ওই রুটের রেল যোগাযোগ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী রমনা কমিউটার লোকাল ট্রেন (ডাউন-১৩৩) রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ সংলগ্ন রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লোকোমাস্টার তাৎক্ষণিকভাবে ট্রেনটি রাজারহাট ভূমি অফিস সংলগ্ন রেললাইনে থামিয়ে দেন। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চলাচলের সময় রেললাইনের একপাশে রাখা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করে।

ট্রেন পরিচালক মো. কিবরিয়া জানান, প্রাথমিকভাবে ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যাওয়ার বিষয়টি শনাক্ত হয়েছে। এছাড়া ইঞ্জিনের কয়েকটি পা-দানি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। এ অবস্থায় ইঞ্জিনটি দিয়ে ট্রেন চালানো সম্ভব নয় বলে বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের রাজারহাট স্টেশন মাস্টার সুমন মিয়া বলেন, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন