Ridge Bangla

কাশ্মিরে নিহতদের জন্য শোক প্রকাশে অরিজিত সিং এর চেন্নাই শো বাতিল

কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় সারা ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকা-শিল্পীরাও এই ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন। এবার এই হামলার প্রতিবাদে বড় সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিত সিং।

অরিজিত সিং বিশ্বাস করেন, প্রতিবাদের ভাষা শুধু কথায় নয়, কাজে দেখাতে হয়। এর আগে কলকাতার আরজি কর কাণ্ডের সময়ও তিনি গান রচনার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন। ভক্তরা তার গানে খুঁজে পেয়েছিলেন প্রতিবাদের মর্ম।

এইবার প্যাহেলগাঁও হামলার ঘটনায় অরিজিত সিং নিজের প্রতিবাদ জানিয়ে চেন্নাই শহরে ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য নিজের শো বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিহতদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করতেই তিনি এই সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানের আয়োজকরাও এক বিবৃতিতে শো বাতিলের কথা নিশ্চিত করেছেন। আয়োজকরা জানান, কাশ্মিরের এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রেক্ষিতে শিল্পী ও আয়োজক যৌথভাবে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি জানানো হয়েছে, যেসব দর্শক টিকিট কিনেছিলেন, তাদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।

প্রসঙ্গত, কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে গত মঙ্গলবারের হামলায় ২৬ জন নিহত এবং ২০ জন আহত হন। হতাহতদের সবাই পর্যটক ছিলেন বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে।

This post was viewed: 34

আরো পড়ুন