Ridge Bangla

কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কটন মিল পুড়ে ছাই, ক্ষতি কয়েক লাখ টাকা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কটন মিল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে মিলের বিভিন্ন যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ কাঁচামাল নষ্ট হয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ জানুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি উত্তরপাড়ায় অবস্থিত ‘মায়ের দোয়া কটন মিলস’-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো মিলজুড়ে ছড়িয়ে পড়ে। ফলে মিলের ভেতরে থাকা তুলা ও যন্ত্রপাতি পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিলের ভেতরে হঠাৎ করে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিলের ভেতরে থাকা দাহ্য তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো মিলকে গ্রাস করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণে না এলে আশপাশের বসতবাড়ি ও স্থাপনাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে জানান স্থানীয়রা।

মিলের মালিক মিন্টু মিয়া বলেন, অগ্নিকাণ্ডে মিলের ভেতরে সংরক্ষিত সব তুলা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে তার আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আগুন লাগার সময় মিলের ভেতরে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের লিডার আমজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকেই আগুন লাগার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন