Ridge Bangla

কারাগারে থেকেই ব্যবসায়ী হত্যা মামলায় মেয়র আতিক আবার গ্রেপ্তার

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছর ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এরপর থেকেই কারাগারে আছেন তিনি। কারাগারে থেকেই একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন। এবার জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

আজ সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আতিকুর রহমান।

তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম গত ১৯ অক্টোবর আদালতে আতিকুলকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। নির্ধারিত সময় অনুযায়ী আজ সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী তাজুল ইসলাম। নিহতের ছেলে রেদোয়ান হোসেন সর্বশেষ ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেন।

This post was viewed: 41

আরো পড়ুন