কানাডার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বন্দুক হামলায় দশজন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী। সন্দেহভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ নামের পাহাড়ি শহরে এ ঘটনা ঘটে। এলাকাটি রকি পর্বতমালার পাদদেশে। রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। বাকিদের আঘাত প্রাণঘাতী নয়।
দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী একজন নারী ছিলেন। পুলিশ সংবাদ সম্মেলনে তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি। মঙ্গলবার বিকেলে সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ টাম্বলার রিজের একটি মাধ্যমিক স্কুলে তল্লাশি শুরু করে। ওই সময় গুলিবিদ্ধ ছয়জনের মরদেহ পাওয়া যায়। আহত একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
সিবিসি নিউজকে ডারিয়ান কুইস্ট নামে এক শিক্ষার্থী জানায়, ঘটনার সময় সে শ্রেণিকক্ষে ছিল। তখনই স্কুল কর্তৃপক্ষ ‘লকডাউন’ ঘোষণা করে। এরপরের পরিস্থিতি ছিল ভয়াবহ।