কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট ৪৫ জন যাত্রী ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে আন্তিওকিয়া প্রদেশের রেমেদিওস ও জারাগোজা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিনের উদ্দেশে যাত্রা করছিল বাসটি। যাত্রীরা ছিলেন লাইসেও আন্তিওকেনো হাই স্কুলের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। আন্তিওকিয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে স্নাতক সমাপ্তির আনন্দ উদ্যাপন শেষে বাড়ি ফিরছিল। এই দুর্ঘটনা পুরো কমিউনিটির জন্য গভীর শোক ও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানায়, এই ভ্রমণ বিদ্যালয়ের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ ছিল না; শিক্ষার্থীরাই নিজেদের উদ্যোগে এটি আয়োজন করেছিল। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। তাকে জনাথান তাবোরদা কোকাকোলো হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি পর্যটন পরিবহন সংস্থা প্রেকালতুরের কর্মী ছিলেন।
সেগোভিয়ার মেয়র এডউইন কাস্তানেদা জানান, আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেমেদিওসের সান ভিসেন্তে দে পল হাসপাতালে অন্তত ১৬ জন আহত চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা গভীর শোক প্রকাশ করেছে।